
প্রকাশিত,
রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
বরিশালের চরমোনাই পীরের মাহফিলে গিয়ে খুন হওয়া ব্যবসায়ী বুলবুল (৩৫) হত্যাকাণ্ডের বিচার দাবীতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। দ্বিতীয় দিনে বিকেল পাঁচটায় উপজেলার ঘাগড়া সোনামিয়ার বাজার ব্যবসায়ীও সর্বসাধারণের উদ্যোগে গফরগাঁও-টূ কান্দিপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তিন শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করে বুলবুল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবী করেন।
এ সময় বক্তব্য রাখেন সোনামিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান সরদার, ব্যবসায়ী আরাফাত লিমন, ছাত্রলীগ নেতা মামুন, ব্যবসায়ী জুয়েল মন্ডল, নাজমুল, কামাল, মানিক মন্ডল, আশিকুর রহমান, আল মামুন প্রমুখ।
ব্যবসায়ী ও সাধারণ জনগণের একটাই দাবি বুলবুলের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি।
নিহত বুলবুল আহমেদ গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখ এর ছেলে, ঘাগড়া সোনামিয়ার বাজারের টেইলার্স ব্যবসায়ী ও ওয়ার্ড যুবলীগ নেতা ছিলেন।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারী গফরগাঁওয়ের শতাধিক লোকের কাফেলার সাথে বুলবুল চরমোনাই পীরের মাহফিলে গিয়ে গত শনিবার নিখোঁজ হন। রবিবার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকায় ব্রীজের ঢাল থেকে লুঙ্গি-পাঞ্জাবি দিয়ে হাত পা বাধা ও পলিথিনে মুখ-মাথা মোড়ানো অবস্থায় বুলবুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বরিশাল কোতয়ালী থানা পুলিশ। পুলিশের ধারণা বুলবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে নিহতের স্বজনরা সোমবার (১ মার্চ) রাতে বরিশাল থেকে মরদেহ নিয়ে আসেন। এ ঘটনায় নিহতের ভাতিজা শফিকুল ইসলাম শাহিন বাদী হয়ে অজ্ঞাত আসামী দিয়ে বরিশাল কোতোয়ারী থানায় একটি মামলা দায়ের করেছেন।


