
প্রকাশিত
হারুন অ রশিদ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮৬টি পরিবারের মাঝে মোট ৮ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আরও ৪২৪টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান উপকারভোগীদের হাতে সহায়তার চেক তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এদিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দহবন্দ ইউনিয়নের ২৬১টি এবং শান্তিরাম ইউনিয়নের ১৬৩টি পরিবারের মাঝে সরকারিভাবে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাসেমুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
চেক বিতরণ শেষে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে সঠিকভাবে পৌঁছে যায়, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।



