print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, জানুয়ারি,২০২২

জয়পুরহাট প্রতিনিধিঃ
নেওয়াজ মোর্শেদ নোমান।

চারিদিকে অথৈ জল। এরই মাঝে বিস্তীর্ণ এক বেলাভূমি। যেদিকে চোখ যায়- গাঢ় সবুজের সমারোহ। সাগরের স্বচ্ছ জলরাশিতে সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধকর।

অধুনা বিদ্যুতের আলোর ঝলকানিতে রাতের সন্দ্বীপ যেনো এক অচেনা স্বপ্নপুরীর রূপ পরিগ্রহ করে। হাটে- বাজারে সামুদ্রিক মাছের ছড়াছড়ি। গোধূলি লগনে চারণভূমির মেঠো পথে একের পর এক ঘরে ফেরে গো-মহিষ, ভেড়ার সারিবদ্ধ পাল। কখন- কীভাবে সাগর বুকে জেগে উঠেছিল এই সুবিশাল জনপদ, তা নিবিড় গবেষণার বিষয়। হতে পারে- হাজার বছরেরও বেশি সময় ব্যাপি এর গর্বিত পথচলা।
সন্দ্বীপের সমকালীন ইতিহাস পর্যালোচনায় যতোটুকু জানা যায়- প্রায় অর্ধেকের বেশি ভূখণ্ড-ই কালক্রমে সাগর গর্বে বিলীন হয়ে গেছে।
চট্টগ্রামের সীতাকুন্ড ও মীরসরাইর খানিকটা পশ্চিমে সাগরের বুকে এই ঐতিহাসিক দ্বীপাঞ্চলের অবস্থান। লাখো মানুষের বসবাস এখানে। প্রকৃতির নিষ্ঠুর বৈরীতার সাথে নিয়ত লড়াই করা সাহসী মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেশ- বিদেশের সর্বত্র, স্বতন্ত্র এক সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে। গড়ে তুলছে নিত্য- নূতন আবাস।
পঞ্চাশের দশকের মাঝামাঝি নোয়াখালী থেকে বিচ্ছিন্ন হয়ে চট্টগ্রামের সাথে সংযুক্ত হয় এই জনপদ। অনেক জ্ঞানী- গুণী মানুষের জন্ম এখানে। যে যেখানেই থাকুন না কেন- নিজের কিংবা পূর্বপুরুষের জন্মস্থান সন্দ্বীপের প্রতি রয়েছে তাদের গভীর মমত্ববোধ- অবিচ্ছেদ্য এক নাড়ির টান। সন্দ্বীপ নিয়ে গর্বের অন্ত নেই তাদের।
যতোটুকু জানা যায়, একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে সন্দ্বীপের বর্তমান ভৌগলিক অবস্থান। রয়েছে- সরকারি কলেজ, অনেকগুলো হাইস্কুল, প্রাইমারী স্কুল, মাদ্রাসা। যোগাযোগ অবকাঠামো সহ সামগ্রিক উন্নয়নের ঢেউ কিছুটা লেগেছে। তথাপি, উচ্চশিক্ষা ও পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধার অভাব লক্ষণীয়। অস্থির সাগরের নিত্যকার ভাঙ্গাগড়ার খেলায় সম্প্রতি জেগে উঠছে নিত্য নূতন চর।
বর্তমান সরকারের সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার আওতায় সন্দ্বীপের পাশ ঘেঁষে অনেকটা সিঙ্গাপুরের আদলেই চট্টগ্রামের মীরসরাইয়ে গড়ে উঠছে এশিয়ার বৃহত্তম শিল্প নগরী। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ডে গড়ে উঠছে সমুদ্র বন্দর- সোনাগাজীতে বিমান বন্দর, আরো কতো কী!
সরকারের এই উন্নয়ন মহা পরিকল্পনায় সীতাকুন্ড, মীরসরাই, সোনাগাজীর পাশাপাশি সন্দ্বীপ কে সম্পৃক্ত করা গেলে সাগর কন্যা সন্দ্বীপ-ই হতে পারে বাংলার ‘মালদ্বীপ’। হতে পারে, লাখো দেশি- বিদেশি পর্যটকের আগ্রহের কেন্দ্রবিন্দু।

জয়পুরহাট প্রতিনিধিঃ
নেওয়াজ মোর্শেদ নোমান