
রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
সাম্প্রতিক সময়ে সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় সিপিবি নেতা কমরেড আবু কালাম আজাদ এর সভাপতিত্বে এবং আলমগীর অরণ্যের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু।
সিপিবি ঝিনাইদহ জেলা সভাপতি কমরেড রবিউল আলম খোকন, সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, বাসদ ঝিনাইদহ জেলা সমন্বয়ক কমরেড এ্যাড, আসাদুল ইসলাম আসাদ, ওয়ার্কাস পার্টি ( মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, নারীমুক্তি পরিষদ কেন্দ্রীয় আহবায়ক স্বপ্না সুলতানা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শৈলকুপা উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গীরিন্দ্রনাথ দাস, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শ্যামল রায়, জেলা বাসদ সংগঠক আসাদুর রহমান, জেলা যুব ইউনিয়ন সভাপতি আবু তোয়াব অপু ও হিন্দু মহাজোট ঝিনাইদহ জেলা সভাপতি অনুপম বিশ্বাস। ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বক্তারা সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার নিন্দা জানান। সেই সাথে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


