
প্রকাশিত ,২৪ এপ্রিল, ২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪। ২৩ এপ্রিল শুক্রবার বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বড় ঝাউয়েরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ সদর উপজেলার ইলিশা ব্যাপারীপাড়া এলাকার মো. মুছা মিয়ার ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বড় ঝাউয়েরচর এলাকায় বাজারে মাদক বিক্রেতার অবস্থানের খবর পেয়ে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর), সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এম.এম. সবুজ রানার নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান চালায়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই অভিযানে র্যাব সদস্যরা সোহাগকে ৭ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করেন। ওইসময় তার কাছে ৩ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল সেট পাওয়া যায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। গ্রেফতারকৃত সোহাগকে মাদক আইনের মামলাসহ রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, ওই ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে এবং সোহাগকে থানায় হস্তান্তর করেছে। শনিবার দুপুরে সোহাগকে আদালতে সোপর্দ করা হবে।


