print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, আগস্ট, ২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেল গঠন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয়ে ওই হেল্প সেলের কার্যক্রম ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও মো. শরিফুল ইসলাম এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুল মান্নান, এ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, শফিকুল ইসলাম মাসুদ, এসএম শহিদুল ইসলাম, এমদাদুল হক মাস্টার, ডা. এএইচ খান জনিসহ বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিএনপি নেতা-কর্মীদের ভিড় বেড়ে যাওয়ায় পুলিশের বাধার মুখে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত পরিসরে শেষ করে দেয়া হয়।

জানা যায়, কেন্দ্রীয় জিয়া পরিষদ ও ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় ওই হেল্প সেল থেকে প্রতিদিন একজন চিকিৎসকের সমন্বয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। পাশাপাশি করোনা রোগীদের প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকারের ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হবে।