print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, সেপ্টেম্বর,২০২৩

বগুড়া জেলা প্রতিনিধি ঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার চুরি করে দেশকে ফোকলা বানিয়েছে। তারা টাকা চুরি করে বিদেশে পাঠায়, আবার নির্বাচনের সময় ভোট চুরি করে। তাই এ সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া সদরে এরুলিয়ে হাট চত্বরে তারুণ্যের রোডমার্চ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পর আবারও গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। কেন? মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার ও বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিতে বিএনপির এ আন্দোলন। অবৈধ সরকার বলেছিল ১০ টাকার চাল খাওয়াবে। চালের দাম এখন কত? আমার মা-বোনেরা সন্তানদের একটি ডিম খাওয়াতে পারে না। বছরে তিন থেকে চারবার বিদ্যুৎ ও তেলের দাম বাড়ে। সরকার বাজার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বলে ফিক্সড করে দিলাম! ফিক্সড করলে কি দাম কমে যায়? এ সরকার শুধু দ্রব্যমূল্যর দাম কমাতেই নয় রাষ্ট্র পরিচালনাতেও ব্যর্থ।