
প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২২
মাহমুদ, ইবি প্রতিনিধিঃ
শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ ও সকল শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি মেসে ‘গোসলের সময় এক ছাত্রীর ভিডিও ধারণের’ অভিযোগে আটক আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তারা।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ‘শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস চাই’, ‘আমার বোন অনিরাপত্তায় ভুগবে কেন? জবাব চাই’, ‘সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন’, ‘আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন’, ‘শতভাগ আবাসিক ক্যাম্পাস চাই’ ইত্যাদি বিভিন্ন প্লা কার্ড দেখা যায়।
জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মিলন জ্যোতি চাকমার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিংমং মারমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি বিনয় লিন্ডা, সাধারণ সম্পাদক স্বপন টপ্য। এছাড়া শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্যরা সহ অর্ধশতাধিক আদিবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারিনি। আমরা শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। তারা বলেন, ৪৩ বছরেও বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূর করতে পারেনি প্রশাসন। এর ফলে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাহিরে অবস্থান করতে হচ্ছে। ফলে বারংবার স্থানীয় বখাটে কর্তৃক হেনস্তার শিকার হচ্ছে তারা।
মানববন্ধন শেষে একইদাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন আদিবাসী শিক্ষার্থীরা।


