
প্রকাশিত
ডেস্ক নিউজ:
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
নবগঠিত কমিটিতে রেজাউল কবীর পলকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া ২৮ জন সহ-সভাপতি, একজন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, ২৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৪ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ১২ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে মোট ১৫১ জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে রয়েছেন— প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সানোয়ার আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এস এম মুসাব্বির শাফী এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ প্রিন্স।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কনকে সহ-সভাপতি পদমর্যাদা এবং এ আর মামুন খান ও মুজাহিদুল ইসলাম মুরাদকে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা প্রদান করা হয়েছে।
এছাড়া মানবাধিকার, প্রশিক্ষণ, পাঠাগার, স্বাস্থ্য, আইন, পরিবেশ, ত্রাণ ও পুনর্বাসন, শ্রম, শিল্প, যোগাযোগ, সমাজকল্যাণ, মৎস্য ও পশুপালনসহ বিভিন্ন বিভাগে দায়িত্বশীল নেতাদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন এবং তরুণ সমাজকে সংগঠিত করার ক্ষেত্রে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা মনে করছেন।
নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে বলে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



