
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ নগরের ৩৬ বাড়ি কলোনির একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজিব নগরের আরকে মিশন রোড এলাকার আবদুল হামিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তিনি ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং বন্ধুদের নিয়ে সেখানে বসবাস করতেন। সকালে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার আগে তার চাচাতো ভাইয়ের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর বিছানায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রনি ও সজল নামে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



