
প্রকাশিত,২৬, জুলাই,২০২২
সুমন আহমেদঃ
চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে গুলিবর্ষণ অন্তত ১১ জন গুলিবিদ্ধ ও ২ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ২৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মেঘনা নদীর নাছিরাকান্দি মৌজায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, মুন্সিগঞ্জের কালিয়ারচরের মৃত রহম আলী বেপারির ছেলে জাহান উদ্দিন (৪২), মৃত ওহাব আলী গাজীর ছেলে আমিন উদ্দিন গাজী, মৃত নূরুল ইসলাম মল্লিকের ছেলে শহিদুল হক মোল্লা (৬০), আবুল খালাসীর ছেলে আমিনুল হক (৩৩), কবির মিয়াজির ছেলে রিয়াদ মিয়াজি (১৮), জসিম উদ্দিন বেপারির ছেলে নিরব বেপারি (১৮), নাছির হোসেনের ছেলে মামুন (১৮), রফিক ঢালীর ছেলে রবিন ঢালী (১৮), মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফিরোজ মিয়াজির ছেলে জাহিদ হোসেন (২১), নূর মোহাম্মদের ছেলে আবু সাইদ (১৮), মারজান গাজীর ছেলে মুছা গাজী (২৭) গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেলে হাসপাতালে ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
স্থানীয়রা জানান, মতলব উত্তর উপজেলা ও মুন্সিগঞ্জের সদরের মধ্যে দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। এই নদীর মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নাছিরার চর মৌজায় মুন্সিগঞ্জের আফসার উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করছেন মতলব উত্তরের আওয়ামী লীগ নেতা কাজী মিজান, ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার ইউপি সদস্য নাছির উদ্দীনের সমর্থকরা কয়েকটি ড্রেজার নিয়ে ওই স্থানে বালু উত্তোলন করছিলেন। এসময় নাছিরারচর এলাকাবাসী তাদের বাঁধা দেন। তাদের বাঁধা উপেক্ষা করে বালু কাটছিল। এতে বাধা দিলে মুন্সিগঞ্জের কালিরচরের সরাফত মেম্বারের ছেলে হেলাল, রবিউলের ছেলে নাজমুল ঢালী, নিজাম উদ্দিনের ছেলে রানা, বিল্লাল হোসেনের ছেলে জুম্মান, একই গ্রামের শাহিন ভূঁইয়া, মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত আবুল কাজীর ছেলে মতিন কাজী, দশানি গ্রামের মান্নান বেপারীর ছেলে আরিফ বেপারী, একই গ্রামের আরিফ ছৈয়াল, রিপন ছৈয়াল’সহ আরো ১২/১৩ জন সন্ত্রাসী এলাকাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন ১১ জন।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেসর কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট বলেন, গুলিবিদ্ধ হয়ে কিছু লোক চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাদের চিকিৎসা দিয়েছি, হাসপাতালে ও ভর্তি আছেন উন্নত চিকিৎসার জন্য ঢাকায়ও পাঠানো হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গুলিবর্ষণ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করে হলে তিনি বলেন, আমরা লিজকৃত ভূমি মুন্সীগঞ্জ সদর এলাকায় চর আব্দুল্লাপুরে সরকারকে রাজস্ব দিয়ে বালু উত্তোলন করছিলাম। ইতিপূর্বে মতলব উত্তরের কয়েকজন ড্রেজারের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় আমার লোকদের উপর হামলা করেছে। এতে আমার পক্ষের কয়েকজন আহত হয়েছেন এবং ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। একজন নিখোঁজ রয়েছে। আমি আইনী ব্যবস্থা গ্রহন করব।
এ ব্যাপারে মতলব উত্তর নৌ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মেঘনা নদীর মুন্সিগঞ্জ এলাকায় বালু উত্তোলন করার সময় একদল লোক বাঁধা দিলে সংঘর্ষ হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।


