
প্রকাশিত
হারুন অর রশিদ
গাইবান্ধা প্রতিনিধিঃ
জাটকা ইলিশ সংরক্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে তিন কেজির বেশি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা মাছ এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায়। এ সময় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশের আহরণ, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে বাজার থেকে তিন কেজির বেশি জাটকা উদ্ধার করা হয়। পরে মাছগুলো নষ্ট না করে এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, জাটকা ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম। জাটকা রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন ও প্রজনন বৃদ্ধি পাবে। এ জন্য নিষেধাজ্ঞার সময়ে জাটকা আহরণ, পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে অভিযান এবং তদারকি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত আট মাস ২৫ সেন্টিমিটার বা তার চেয়ে ছোট ইলিশ, অর্থাৎ জাটকা আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।



