print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, নভেম্বর,২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বুড়া মসজিদের পশ্চিম উত্তর পাশে মাহাবুব আলমের জায়গা জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে।

গত (১ নভেম্বর) বুধবার মাহাবুব আলমের জমি দখলের চেষ্টা করেন স্থানীয় মো. নুরুর ছেলে জানে আলম, মো. বদিউলের ছেলে কুতুব উদ্দিন, নুর আলমের ছেলে মোরশেদুল আলম।

এ বিষয়ে তারা ৩ জনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন মাহাবুব আলমের ছেলে মো.মোরশেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত (১ নভেম্বর) বুধবার বিকেল ৪টার দিকে মাহাবুব আলমের বি.এস খতিয়ান ৯৩১, বি.এস দাগ ১৯৫১ তৎ আন্দরে ৭০ শতক খরিদা সম্পত্তিতে জোর করে পিলার দিয়ে দখল করতে আসে জানে আলম, কুতুব উদ্দিন ও মোরশেদুল আলমসহ আরো ৪/৫ জন। এসময় মাহাবুব আলমের ছেলে মো. মোরশেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাঁধা দিলে ভূমিদস্যুরা তাঁকে গালমন্দ করে এবং লাঠিসোটা নিয়ে তাঁকে মারতে আসে। এবং মোরশেদকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

অভিযোগকারি মো.মোরশেদ বলেন, তারা দীর্ঘদিন ধরে আমার বাবার জায়গাটি দখল করার চেষ্টা করছে। তারা জায়গা পেলে মীমাংসার মাধ্যমে তাদের জায়গা নিয়ে যাক, তাতে আমাদের কোন আপত্তি নেই। স্থানীয়ভাবে অনেকবার আপোষ মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু তারা মীমাংসায় না এসে জনবলে ক্ষমতাবান হওয়ায় পিলার দিয়ে জায়গা দখলের চেষ্টা করছে। আমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি।

অভিযুক্ত জানে আলমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। চেষ্টা করছি একটি মীমাংসা করে দেয়ার। আশা করি এর সমাধান হয়ে যাবে শীঘ্রই।