
প্রকাশিত, ২ ফেব্রুয়ারি, ২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
ভারতের পেট্রাপোল স্থলবন্দরের ‘জীবন-জীবিকা বাঁচাও’ কমিটির পাঁচ দফা দাবির মধ্যে দুই দফা দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছে সংগঠনটি।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পুনরায় শুরু হবে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য।
সোমবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংশিষ্টদের মধ্যে একটি বৈঠকে পরস্পরের মধ্যে সমঝোতা হলে কর্মবিরতি তুলে নেওয়া হয়।
এর আগে বাণিজ্যিক কাজে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় সংগঠনটি। ফলে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। প্রবেশের অপেক্ষায় দুই পারের বন্দরে আটকা পড়ে সহস্রাধিক পণ্য বোঝায় ট্রাক। এতে নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন দুই দেশের ব্যবসায়ীরা। দুর্ভোগে পড়ে পণ্যবহনকারী ট্রাক চালকেরা। কর্মবিরতি ডাক দেওয়া সংগঠনটির সাথে সম্পৃক্ত ছিলেন বন্দর শ্রমিক, ট্রাক চালক ও সাধারণ ব্যবসায়ীরা। তাদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেছিলেন বন্দর ব্যবহারকারী সকল বাণিজ্যিক সংগঠনগুলো।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাণিজ্য বন্ধ থাকায় তারা বিভিন্ন ভাবে লোকসানের কবলে পড়েছিলেন বাণিজ্য কাযক্রম দ্রুত সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসনের আহবান জানালে দুই পক্ষ বসে ফলপ্রসূ আলোচনায় কর্মবিরতি প্রত্যাহার হয়।
আশা করা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে বাণিজ্য শুরু হবে। মেনে নেওয়া দাবি ২টি হলো ২০ ফেব্রুয়ারি থেকে পেট্রাপোল চেকপোস্টে হ্যান্ড কুলিরা কাজ করতে পারবে ও পণ্যবাহী ট্রাক বেনাপোল-পেট্রাপোল বন্দরে রেখে ট্রাক চালকরা পায়ে হেটে এপার-ওপার যাতায়াত করতে পারবেন বলে জানান তিনি।
প্রেরক,সোহাগ হোসেন বেনাপোল যশোর
২/২/২১


