
প্রকাশিত,০৬, এপ্রিল,২০২২
নিজস্ব প্রতিবেদক ঃ
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরার কথা রয়েছে তাঁর।
গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল), চিকিৎসকদের একটি টিম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে তাঁর বাসায় যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে বেগম খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসকরা তাঁকে হাসপাতালে নেওয়ার কারণ বোঝাতে সক্ষম হন।
শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা রোজা রাখতে নিষেধ করলেও বেগম খালেদা জিয়া রোজা রাখার চেষ্টা করেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
এর আগে টানা ৮১ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন বিএনপির চেয়ারপার্সন ।


