print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, জুন,২০২৩

নিজস্ব প্রতিবেদ ঃ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, নিশিরাতে নির্বাচিত বর্তমান অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কখনই সম্ভব না। এদের আমলে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক। আমি এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীদের দ্বারা এ ধরনের বর্বরোচিত হামলায় আরও প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধী দলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে আক্রমণ করে অথবা যেকোনো প্রক্রিয়ায় তাদেরকেই বিজয়ী হতে হবে। বর্তমান নির্বাচন কমিশনও সরকারের হুকুমের বাইরে চলতে পারে না। বিরোধীদলহীন এ ধরনের একটি নির্বাচনও তারা আয়োজন করতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে একজন মেয়র প্রার্থী সরকারী দলের সন্ত্রাসীদের কর্তৃক হামলার শিকার হয় সেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়?

বিএনপি মহাসচিব আরও বলেন, এ ধরনের নির্বাচনী পরিবেশের জন্যই বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।
আমি স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের অধীনে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি অবিলম্বে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি।