
প্রকাশিত,০১, নভেম্বর,২০২৩
সিলেট প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার সিলেটে চলেনি দূরপাল্লার কোনো বাস। সকাল থেেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে যানবাহন।
দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি যাত্রীদেরও দেখা মেলেনি। একইভাবে কুমারগাও বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, কোনো যানবাহন চলাচল করছে না।
তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত কিছু গাড়ি সকাল থেকে চলতে দেখা গেছে।
এদিকে বাস বন্ধ থাকলেও সকাল ৬টায় শিডিউলমতো কালনি এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
সকালে নগরীর রিকাবীবাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে মহানগর স্বেচ্ছাসেবক দল। তবে নগরীর কোথাও পিকেটিং করতে দেখা যায়নি তাদের।


