print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩,মে,২০২১

নিজস্ব প্রতিবেদক:

সর্বদা মানব সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি এর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল ১২ই মার্চ (বুধবার) উক্ত সংগঠনের ‘ঈদ হোক সবার’ প্রজেক্টের আওতায় ভোলার চরফ্যাশনে ১০৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে গুড়া চাল, মসুর ডাল, সেমাই, নুডলস, গুড়া দুধ, চিনি, সয়াবিন ও সাবান বিতরণ করা হয়। একই প্রজেক্টে আজ যশোর, কুমিল্লার নাঙ্গলকোট ও সাতক্ষীরা জেলার আশাশুনিতে একাধিক সংখ্যক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা কালীন সময়ে যাদের জীবনে এসেছে স্থবিরতা, পবিত্র ঈদ উল ফিতরে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র প্রজেক্টে সার্বিক সহযোগিতা করে সংগঠনটির শত শত স্বেচ্ছাসেবক, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সদস্যরা।

উক্ত প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাইমুর রহমান সাকিব বলেন, “আমরা বরাবরের মতো সর্বদা চেষ্টা করি মানুষের সেবায় প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে। সেই লক্ষ্যে প্রত্যেক ঈদে আমাদের এই প্রজেক্ট বাস্তবায়িত হয়ে আসছে। বিশেষ করে করোনাকালীন সময়ে উক্ত প্রজেক্টের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে মনে করেছি। ভবিষ্যতে আমরা একাধিক প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।”

সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ বলেন, “করোনা মহামারী পরিস্থিতিতে দেশের নানাবিধ সীমাবদ্ধতার জন্য যখন একধরনের স্থবির অবস্থার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই দেশের নিম্নমধ্যবিত্ত পরিবার ও দরিদ্র শ্রেণীর মানুষের ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। এমতাবস্থায় তাদের পাশে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করার সামান্য প্রচেষ্টায় নিয়োজিত ছিলো আমাদের প্রতিটি স্বেচ্ছাসেবক, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সদস্যবৃন্দ। আমাদের সকলের উচিৎ সমাজের প্রত্যেক শ্রেনীর মানুষের সাথে একত্রিত হয়ে ঈদ উদযাপন করা।”

উল্লেখ্য, বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি ২০১৩ সালের পহেলা মে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের অধিকাংশ জেলা ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।