
প্রকাশিত,০৭, জানুয়ারি,২০২২
এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি ।।
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক দুলাল এমপি বলেছেন, ধর্মীয় সহনশীলতা ও সহাবস্থানের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগ
মাধ্যমের কোন উস্কানিতে সাড়া দেয়া যাবে না। বিশেষ একটি গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা
সৃষ্টি করে ফায়দা নিতে চায়। এ বিষয়ে আলেম ওলামাসহ সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, মদিনা সনদের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) অসম্প্রদায়িক সমাজ ও রাস্ট্র পরিচালনার আদর্শ স্থাপন করে গেছেন। বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষতার অর্থ ছিল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করবে যা মদিনা সনদেরই প্রতিফলন।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষার বিষয়ে ইসলামের সঠিক বাণী মানুষের কাছে তুলে ধরতে হবে। কেউ যেন ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বৃহস্পতিবার বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীর চর
জামিয়া মফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্বরত শিক্ষক, ওলামা – মাশায়েখ ও ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
জাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপে আরও বক্তব্য
রাখেন, ডিগ্রীরচর জামিয়া মফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মোঃ আব্দুল
হক, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান, উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস ছালাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মোশারফ হোসাইন প্রমুখ।


