
কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যদিও নির্বাচনের আগেই দেশটির অর্ধেকের বেশি ভোটার তাদের ভোট দিয়ে দিয়েছেন। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হয়ে প্রচারণা চালাচ্ছেন একসময়ের বাইডেনের বস এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচনে ভোট বাড়াতে চাইছে ডেমোক্র্যাট শিবির।
বাইডেনের পক্ষে প্রচারণার অংশ হিসেবেই একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বারাক ওবামা। ভিডিওয় দেখা যাচ্ছে, নীল ফুল হাতা শার্ট পরা ওবামা তার পাশে রাখা একটি ল্যান্ডফোন থেকে একটি নম্বরে ডায়াল করছেন। আসলে এক নারীকে ফোন করে জো বাইডেনের হয়ে ভোট চেয়েছেন তিনি। সেই ফোনালাপই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
ওবামা ভিডিওটি টুইট করার পর এখন পর্যন্ত ৪৩ লাখের বেশি মানুষ দেখেছেন। এলিসা ক্যামেরোটা নামে যে নারীকে তিনি ফোন করেছিলেন, সেই মহিলাও সামাজিক মাধ্যমে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তার কথাবার্তার ভিডিও পোস্ট করেছেন। দেশের সাবেক প্রেসিডেন্টের ব্যবহারে এলিসা তো মুগ্ধই, নেট-নাগরিকদের অনেকেই ওবামার প্রশংসায় পঞ্চমুখ।
ভিডিওটি শেয়ার করার আগে একটি নোট লিখেছেন ওবামা। বলেছেন, ‘বাড়িতে থেকে বা পোলিং স্টেশনে গিয়ে পার্থক্যটা আপনিই গড়তে পারবেন। অনেক প্রদেশেই মাত্র কয়েকটা ভোটের হেরফেরেই অনেক কিছু হতে পারে…।’
ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, এলিসা ফোনটা তোলার পরেই নিজের পুরো নাম বলে তাকে তিনি জিজ্ঞেস করেন, ‘আমি আপনাদের প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে?’ এলিসা ততক্ষণে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির গলা চিনে ফেলেছেন।
তিনি উত্তর দেন, ‘আমার মনে হয় এবার প্যানিক অ্যাটাক হবে’। ওবামা তাকে মনে করিয়ে দেন, মঙ্গলবারের ভোটের কথা। জানান, এবারের ভোট কেন এত গুরুত্বপূর্ণ। বলেন, ‘আমি চাই বাইডেন আর কমলার হয়ে আপনি ভোট দিন। চাইলে আপনার পোলিং বুথ সংক্রান্ত সব তথ্যও আমি আপনাকে দিতে পারি।’
এলিসা উত্তরে জানান, তিনি সব জানেন, তিনি অবশ্যই ভোট দিতে যাবেন। কথার মাঝেই শোনা যায় এক শিশুর গলা। ওবামা এবার এলিসাকে জিজ্ঞেস করেন ব্যাপারটা ঠিক কী। এলিসা জানান, তার আট মাসের ছেলে রয়েছে। নাম জ্যাকসন। ওবামাকে সেই একরত্তিকে জ্যাকস সম্বোধন করে তার সঙ্গে কথা বলতে চান। এও জানান, ওইটুকু ছেলে নিশ্চয়ই চাইছে না যে তার মায়ের সঙ্গে অন্য কেউ এতক্ষণ ধরে কথা বলুক।
একজন এলিসার অ্যাকাউন্টে তার শিশু সন্তানের উদ্দেশে লিখেছেন, ‘‘তোমার কী ভাগ্য জ্যাকস। উনি তো এই নামেই জ্যাকসনকে ডাকলেন। ভবিষ্যতে কী সুন্দর গল্প করতে পারবে। বলতে পারেব ‘দ্য প্রেসিডেন্ট’ আমায় ফোন করেছিলেন। জ্যাকসন তো এখনই তারকা হয়ে গেল।’’
শুধু এই ফোনালাপই নয়, শেষ দফার প্রচারে নিজের সাবেক সহকারীর হয়ে একাধিক জায়গায় সভা করতে দেখা গিয়েছে ওবামাকে। গত শনিবারই মিশিগানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি। একটি জিমের বাস্কেটবল কোর্টে নিখুঁত শট দিতে দেখা গিয়েছে ওবামাকে। কালো জ্যাকেট, মুখে কালো মাস্ক পরা ওবামাকে কোর্ট থেকে বেরোতে বেরোতে বলতে শোনা গিয়েছে, ‘দ্যাটস হোয়াট আই ডু।’


