
প্রকাশিত,১৭, জুলাই,২০২৩
মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ। সকাল আটটা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শুরুর দিকে ভোটদানের গতি একেবারেই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে ভোটারের সংখ্যাও বাড়ছে। তবে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এক প্রার্থী।
স্বতন্ত্র হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী জনতার অধিকার পার্টি (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া তারেক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৭ জুলাই) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টা যেতে না যেতেই তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তারেক বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা আবারও প্রমাণিত। তাই আমি এই নির্বাচন বর্জন করলাম।
জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে মাত্র পাঁচ মাসের আইন প্রণেতা হওয়ার লড়াইয়ের মাঠে সাত প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও স্বতন্ত্র মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
গত ১৫ মে এ আসনের এমপি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।


