
প্রকাশিত,১৫, জানুয়ারি,২০২৩
ওবাইদুর রহমান /টেকনাফ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আলোচিত ‘মাদক ডন’ রাসেলকে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর সোয়া ৫টার সময় উপজেলার সাবরাং ইউপির সিকদার পাড়াস্থ রাসেলের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি সাবরাং ইউপির সিকদার পাড়ার মৌলভী আব্দুল গফুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানার পুলিশের একটি চৌকস টিম সাবরাং সিকদার পাড়ায় অভিযানে যায়। পরে ধৃত আসামি রাসেলের বসত সংলগ্ন টিনের ছাউনির নিচে কাঠের স্তূপ হতে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন। এসময় মাদকের সাথে জড়িত রাসেলকে আটক করা হয়।
জানা গেছে, রাসেল একজন বড়মাপের মাদক ব্যবসায়ী। মাদকের কারণে বিভিন্ন সময়ে প্রশাসনের হাতে অনেকবার গ্রেপ্তারও হয়েছে। গত বছর ঢাকঢোল পিটিয়ে কোটি টাকা খরচ করে রংবেরঙের মঞ্চ সাজিয়ে নিজের বিয়ের আয়োজন করে এই রাসেল। বিয়ের আগে প্রতিরাতে এক দেড় লাখ টাকার মদের বিল দিয়ে মাদক সেবীদের নিয়ে নাচগানের আয়োজন করেছে। তখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে আলোচনায় আসে এই রাসেল। এরপর ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা আটক করেন। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে ফের মাদক কারবার জমজমাটভাবে চালিয়ে যাচ্ছিল। অবশেষে টেকনাফ থানা পুলিশের হাতে ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে।
অভিযুক্ত রাসেলকে ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি।


