print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, সেপ্টেম্বর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে তরুণীকে (২৪) দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই নারী বাসায় ফিরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ অভিযুক্ত ৩ যুবককে আটক করে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। এর আগে সোমবার সকাল ৯টার দিকে টঙ্গীর মিরাশপাড়া নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে ওই তরুণীর দায়ের করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। নির্যাতনের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গীর শাওন (২৪), নাদিম হোসেন (১৯) ও গাজী সাকিবুজ্জামান (২১)।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, অভিযুক্ত শাওনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সোমবার সকালে তরুণীকে বাসা থেকে ফোন করে ডেকে মৃত গাজী আলাউদ্দিন নামে একজনের বাড়িতে নিয়ে যান শাওন। পরে একটি কক্ষে নিয়ে চোখ বেঁধে ধর্ষণ করেন শাওন ও তার সহযোগীরা। এ সময় মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন অভিযুক্তরা।
ঘটনার কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়া হলে বাসায় ফিরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান ভুক্তভোগী। পরে শাওনসহ অভিযুক্ত ৩ যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন।
ওই তরুণী জানান, ‘শাওন তার পূর্বপরিচিত। কয়েক মাস আগে তার বিয়ে হয়। স্বামীর সঙ্গে তিনি একটি ভাড়া বাসায় থাকেন। সোমবার সকালে ফোন করে শাওন দেখা করতে চায়। পরে দেখা করতে গেলে চোখ বেঁধে শাওনসহ তিনজন তাকে ধর্ষণ করে। শাওন মুঠোফোনে ভিডিও ধারণ করে। পরে কাউকে বিষয়টি জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফুল ইসলাম বলেন, ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে।