
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। শনিবার (১ আগস্ট) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে।বিজিবি জানায়, জব্দকৃত ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ৩৮ হাজার ৪০০ টাকা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত জুলাই মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ মোট ৬৯৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধসহ সব ধরনের অবৈধ চোরাচালান রোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”



