
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে সীমান্তবর্তী উত্তেজনাকর এই ঘটনাটি ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর সামনে এই ঘটনা রেকর্ড করা হয়।
বিশ্বস্ত বিজিবি সূত্র জানিয়েছে, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ৭ জন পুরুষ নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালায়। ঠিক সেই মুহূর্তে গোয়েন্দা তথ্য ও টহল দলের সতর্ক নজরদারির কারণে বিষয়টি চাড়ালডাংগা বিওপির টহল দলের নজরে আসে।
বিন্দুমাত্র সময় নষ্ট না করে বিজিবির সাহসী জওয়ানেরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে ছুটে যান এবং সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই সাত ব্যক্তিকে শনাক্ত করেন। এরপর অত্যন্ত পেশাদারিত্ব ও কঠোর অবস্থানের মাধ্যমে তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে জোরালো বাধা দেওয়া হয়। পরবর্তীতে নিকটবর্তী কাঁটাতারবিহীন উন্মুক্ত অংশ দিয়ে তাদের সম্পূর্ণভাবে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যকর প্রক্রিয়া শুরু করে বিজিবি।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিজিবি কতৃপক্ষ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছে যে, দেশের সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা সর্বোচ্চ সতর্কতা ও আপসহীন মনোভাব বজায় রেখে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ পুশ-ইন কিংবা সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো অপচেষ্টা কঠোরহস্তে এবং নজিরবিহীনভাবে প্রতিহত করা হবে।
সীমান্তের এই বীরত্বপূর্ণ সাফল্যে স্থানীয় এলাকাবাসী ও দেশবাসীর মাঝে বিজিবির প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে। সীমান্তে সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত ও সম্পূর্ণ বিজিবির কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।



