
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পাঁচুড়িয়া খালের উপর নির্মাণাধীন পাঁচুড়িয়া সেতুর কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী অনুজ কুমার দে-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মন্ত্রণালয়কে গোপালগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখার নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় জেলার গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও জনবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, পাঁচুড়িয়া খাল ও বৈরাগী খালের নাব্যতা সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। এ বিষয়ে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাঁচুড়িয়া খালের উপর একটি আধুনিক সেতুর দাবি ছিল এলাকাবাসীর। সেতুটি নির্মিত হলে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন তারা।



