
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রিন্স মোল্লাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গত বুধবার রাতে ইরাক থেকে দেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানা–পুলিশ তাঁকে আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, প্রিন্স মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের এনামুল হকের ছেলে। তাঁর প্রথম স্ত্রী মনিরার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় গত বছরের ৪ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় সুলতানা নামে আরেক নারীকে বিয়ে করেন তিনি।
এ ঘটনায় প্রথম স্ত্রী মনিরা মুসলিম পারিবারিক আইনে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ১৩ এপ্রিল গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আলী তালহা প্রিন্স মোল্লাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে ইরাক থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি।



