
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাসজমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।৯ জুন মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে সরকারি জমি দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উলপুর বাজারে সরকারি খাসজমি দখল করে নাসির মোল্লা, সাজ্জাদ মিনা ও দ্বীন ইসলাম মোল্লা স্থাপনা নির্মাণ করছিলেন। ইউনিয়ন ভূমি কার্যালয়ের পক্ষ থেকে তাদের নির্মাণকাজ বন্ধ করতে বলা হলেও তারা নির্দেশনা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয় এবং জমি দখলমুক্ত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, সরকারি খাসজমি দখল করে স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের জন্য প্রচলিত আইনে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এবং রাষ্ট্রের সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সরকারি খাসজমি দখল কিংবা অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



