
প্রকাশিত
আইনাল ইসলাম, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে আলিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া মীরবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলিয়া ওই গ্রামের গার্মেন্টসকর্মী আল আমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানি থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



