
প্রকাশিত, ২৩-১২-২০২০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে র্যাবের পৃথক অভিযানে ১৯০ বোতল বিদেশী ফেন্সিডিলসহ ৮ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। সোমবার এবং মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে গাজীপুর মহানগরের সামন্তপুর (ফকিরপাড়া) এবং কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে। র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাকমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল জব্বার (৪০), গাজীপুর মহানগরের ছোট দেওড়া এলাকার মৃত জনাব আলীর ছেলে আলম (৪৮), মৃত মতি লাল চৌহানের ছেলে শ্রী সুনীল চৌহান (৩০), অলি উল্লাহর ছেলে মনির হোসেন (২৫), মৃত জয়নাল মিয়ার ছেলে রনি মিয়া (২৬), রাহাপাড়া এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৩৫), আউটপাড়া এলাকার মৃত হাতেম আকনের ছেলে রুবেল আকন (৩৮), মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচর গ্রামের লিয়াকত খানের ছেলে পাবেল খানকে (২৫) গ্রেপ্তার করে।
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার রাত সোয়া ৮টায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার নবীনগর-চন্দ্রা সড়কের লাবিব স্টোরের সামনে অভিযান পরিচালনা করে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। সোমবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের সামন্তপুর (ফকির পাড়া) এলাকায় অভিযান চালিয়ে অপর সাতজনকে গ্রেপ্তার করা হয়। এসময় আব্দুল জব্বারের কাছ থেকে ৯০ বোতল এবং অপর সাতজনের কাছ থেকে ১’শ বোতল বিদেশী ফেন্সিডিল, ১৮ পিছ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ১০টি মুঠোফোন এবং নগদ দুই হাজার ২৪ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


