
প্রকাশিত,০৭,জুন,২০২২
(গাইবান্ধা) উপজেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির সীমানায় পানি পড়া দ্বন্দ্বের জেরে ভাতিজার লাঠির আঘাতে জেঠাই নাদিরা বেগম (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাদিরা বেগম নাদের আলী সরকারের স্ত্রী।
পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক জমির সীমানা বিষয় নিয়ে বেশ কিছুদিন থেকে দেবর লেবু মিয়ার সঙ্গে নাদিরার দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে আজ মঙ্গলবার সকালে বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং তহমিনা, আঁখি ও মতিন মিয়া লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন। পরে মতিন মিয়া লাঠি দ্বারা সজোরে আঘাত করলে সে গুরুতর আহত হয় ।
পরে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ পর্যন্ত দুই জন মহিলা তহমিনা ও আখি কে আটক করেছে সাঘাটা থানা পুলিশ।
তরিখ—০৭—০৬—২০২২ ইং


