
প্রকাশিত
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোড এলাকায় এক মুদি দোকানির ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে গলাচিপা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা সুচিত্রা পাল ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সদর রোডে নিজের পরিচালিত মুদি দোকান বন্ধ করে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন দেবু পাল। এ সময় পূর্ববিরোধের জেরে একই এলাকার মনতোষ পাল, মদন পাল ও দেব পাল সেখানে এসে তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেবু পালকে এলোপাতাড়ি মারধর করলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। মনতোষ পালের ঘুষিতে তার দুটি দাঁত পড়ে যায় এবং চোখের ওপর কেটে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় মদন পাল তার গলায় থাকা প্রায় ১ ভরি ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা, জোরপূর্বক নিয়ে যান বলেও অভিযোগ করা হয়।
দেবু পালের চিৎকার শুনে এগিয়ে আসেন রনি পাল। অভিযোগে বলা হয়, তাকেও মারধর করে আহত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় লোকজন আহত দেবু পালকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুচিত্রা পাল।



