
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে ও পিটিয়ে একই পরিবারের ২ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভুক্তভোগী বাড়ীতে লুটপাট চালায় প্রতিপক্ষরা। হামলায় মোকলেচ খা এর স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও বশির খা এর মেয়ে সোনাবরু (১৪) গুরুতর আহত হন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯ টায় উপজেলার পানপট্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মোকলেচ খা বলেন, আমার স্ত্রী বশির খার বাড়ি থেকে আসার পথে উলানিয়া বাধের উপর মাঝামাঝি আসলে প্রতিপক্ষরা একত্রিত হয়ে আমার স্ত্রীকে এলোপাথারীভাবে মারতে থাকে। আমার স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে বশির খা বলেন, আমার মেয়ে সোনাবরু রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে প্রতিপক্ষরা আগে থেকেই ওৎ পেতে থাকে এবং আমার মেয়েকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। তারা আমাদের বাব-দাদাদের সম্পত্তিতে থাকার অনুমতি নিয়ে দীর্ঘ বছর পর এখন তারা মালিক সেজে বসেছে। তারা আমাদের জমি ফিরিয়ে দিবে না বলে প্রায়ই আমাদের মারধর করে। দুই জনকেই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গলাচিপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, সোনাবরু ও পিয়ারা বেগম আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ৫ ও ৬ নম্বর বেডে ভর্তি আছে। তাদের শরীরে নীলাফুলা জখম রয়েছে। এ ঘটনায় আহত সোনাবরু বাদী হয়ে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই এলাকার নুর আলম খা, শাহ আলম খা, তুহিন খা, শিপলু বেগম, নুর নাহার, নাসিমা বেগম সহ আরো অনেকে। এ বিষয়ে মোকলেচ খা এর স্ত্রী আহত পিয়ারা বেগম জানান, দীর্ঘদিন ধরে নুর আলম খা, শাহ আলম খা, তুহিন খা, শিপলু বেগম সহ প্রতিপক্ষদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তারা আমাদের বাব দাদাদের রেকর্ডীয় জমি জোর পূর্বক দখল করার পায়তারা করছে। যার ফলে তারা প্রতিনিয়ত কারণে অকারণে আমাদের সাথে ঝগড়াঝাটি ও মারধর করে, খুন জখমের হুমকি দেয়। আমাদের পৈত্রিক সম্পত্তির মৌজা তুলাতলি, জে,এল নং- ১২৪, খতিয়ান- ১৩, দাগ নং- ২৩২, ৫৪২, ৫৪৩, ৫৪৪ সহ আরো দাগ আছে। এ বিষয়ে এই জমির ওয়ারিশ জমির আলী খা বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক পানপট্টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম আলী খা গং জোর পূর্বক দখল করে রেখেছে। তারা আমাদের পরিবারকে প্রায়ই মারধর করছে। এ বিষয়ে আমি পটুয়াখালী বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে একটি মামলা করি। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে প্রতিপক্ষ নুর আলম খা, শাহ আলম খা, তুহিন খা বলেন, ঐ মৌজায় আমাদেরও জমি রয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য মালেক ও ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, এ বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বসা হয়েছে। কিন্তু দু’পক্ষকে মেলাতে পারি নাই। মারামারির বিষয়টির সত্যতা তিনি স্বীকার করেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



