print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় একই রাতে দুই কৃষকের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কৃষকেরা তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কোটখালী গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মোজাম্মেল হাওলাদার দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার গোয়ালে থাকা আটটি গরুর মধ্যে সোমবার গভীর রাতে চোরের দল পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

অপরদিকে, একই গ্রামের নিতাই চন্দ্র শীলের ছেলে দীপঙ্কর চন্দ্র শীলের গোয়ালঘর থেকেও তিনটি গরু চুরি হয়েছে। তার গোয়ালে তিনটি গরু ছিল এবং চোরেরা সবকটিই নিয়ে গেছে। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরে একটি গরুও না দেখে তিনি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েন।

স্থানীয়দের দাবি, চুরি হওয়া এই আটটি গরুর বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

এলাকাবাসীর অভিযোগ, একই এলাকায় প্রায় এক মাস আগেও হুমায়ুন কবির নামে এক কৃষকের ছয়টি গরু চুরি হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত সেই চুরির ঘটনার কোনো রহস্য উদঘাটন হয়নি।

কোটখালী গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মজিবুর রহমান বলেন, একটির পর একটি গরু চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাত জেগে পাহারা দিয়েও চোরদের দৌরাত্ম্য ঠেকানো যাচ্ছে না।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই চুরির ঘটনায় পুলিশের তদন্ত চলছে এবং জড়িত চোর চক্রকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।