
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ – জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাস্হ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্স ও মিডওয়াইফদের দক্ষতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজনের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট(মেডিসিন) ডা.মোহাম্মদ আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, ডা. সালাহউদ্দিন মাহমুদসহ হাসপাতালের অন্যান্য মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলার নার্স ও মিডওয়াইফদের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।
ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “নার্স ও মিডওয়াইফরা স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভিত্তি। তাদের আন্তরিকতা, মানবিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে জনগণ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেয়ে থাকে।”



