
প্রকাশিত,
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত কলেজছাত্র নাহিয়ান রবিন হত্যা মামলার এক আসামিকে ১২ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ইয়াবা ট্যাবলেট এবং হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট রক্তমাখা আলামত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে গফরগাঁও পৌর শহরের আলাল মার্কেটের পূর্ব পাশে অবস্থিত মোতালিব প্লাজার চতুর্থ তলায় বিশেষ অভিযান পরিচালনা করে গফরগাঁও থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম,আতিকুর রহমান।
পুলিশ জানায়, রবিন হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পরিচালিত অভিযানে রাজিব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে তাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৩টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড কার্তুজ, ১০০টি ইয়াবা ট্যাবলেট, ৩টি সুইচ গিয়ার, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ৩টি চাকু, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং হত্যাকাণ্ডের রক্তমাখা আলামত।
উল্লেখ্য, গত সোমবার রাতে গফরগাঁও পৌরসভার মাজার রোড এলাকায় বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন কলেজছাত্র নাহিয়ান রবিন (২৪)।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “রবিন হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে পৃথক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।



