
প্রকাশিত,০৭,মে,২০২৩
গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে যুদ্ধাপরাধ মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলিম উদ্দিন খানকে (৭৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ৬ বছর ধরে পলাতক ছিলেন।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার কাওরাঈদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ ও মামলার বাদী পরিবার সূত্রে জানা গেছে, আলিম উদ্দিন খান ৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় লিপ্ত হয়। তিনি তার সশস্ত্র রাজাকার সহযোগী ফয়জুল্লাহ, আব্দুর রাজ্জাক, সামসুজ্জামান কালাম, আব্দুল খালেক, বাদশা, খলিলুর রহমান মীর গংদের নেতৃত্ব দিয়ে গফরগাঁও উপজেলার নিগুয়ারি, টাংগাব, দত্তেরবাজার ইউনিয়নের গ্রামে গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ আদায়, ধর্ষনসহ, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটনে অংশগ্রহণ করে। ২০১৬ সালের সাধুয়ার গ্রামে আফাজ উদ্দিন বাদী হয়ে তার ও তার সহযোগীদের নামে মানবতাবিরোধী মামলা দায়ের করে। ২০১৭ সালের ৬ এপ্রিল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো. আলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা আমার কাছে চ্যালেঞ্জ ছিল।


