print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পরকীয়া-সংক্রান্ত বিরোধের জেরে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামে এক মৎস্যচাষীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় কয়েক দফা চিকিৎসা নেওয়ার পর সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মহিদুজ্জামান উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ত্রিশাল উপজেলার সোমপাড়া মড়ল বাড়ি গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে তপনের নাম উল্লেখ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরকীয়া-সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে মহিদুজ্জামান ও তোফাজ্জল হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এরই ধারাবাহিকতায় রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে ডেকে মহিদুজ্জামানকে বাড়ির বাইরে আনা হয়। পরে তাকে তার নিজস্ব মৎস্য খামারের পাশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত বিরোধের সূত্র পাওয়া গেছে।

মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।