print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম,।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নে গাছে দুই হাত বাঁধা অবস্থায় এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরে পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
নিহত ব্যক্তি কাউসার আলম (৪৪)। তিনি দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলার দেবীপুর এলাকার জামেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন জঙ্গলের মধ্যে গাছে দুই হাত বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। মরদেহটি গাছে বাঁধা থাকলেও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়রা বিষয়টি পাগলা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রথমদিকে স্থানীয় কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে পিবিআইকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় নিশ্চিত করে।
পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “নিহতের বাড়ি দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলায়। পিবিআই পুলিশের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”