
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘আদর্শনগর’ উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) কান্দিপাড়া বাজারে হাজারো মানুষের অংশগ্রহণে আনন্দমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার পাঁচবাগ, উস্থি, লংগাইর, দত্তেরবাজার, মশাখালী, নিগুয়ারি, টাংগাব ও পাইথল ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবনা বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সম্ভাব্য উপজেলার জনসংখ্যা হবে ২ লাখ ৩১ হাজার ৩০১ জন এবং আয়তন হবে ২৩৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার।
উস্থি ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় উপজেলা সদর স্থাপনের পরিকল্পনার কথাও জানা গেছে।
নতুন উপজেলা গঠনের সম্ভাব্য এ খবরে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। পরে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দমিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএ আনসার উদ্দিন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির, ব্যবসায়ী নেতা আসাদুজ্জামান সুজনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ পৃথক উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছেন। নতুন উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা সহজলভ্য হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। তারা দ্রুত সময়ের মধ্যে উপজেলা গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে বক্তারা নতুন উপজেলা গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।



