print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, জুন,২০২১

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়াঃ

গতকাল সোমবার রাতে চেয়ারম্যানের পুকুরে জাল ফেলে মাছ চুরি করেছেন, এমন অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। গতকাল রাত তিনটার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জসীম শেখ (৩৫)।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চেয়ারম্যানের স্ত্রী ও ভাতিজাকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রতনপুর গ্রামের মাঠে বেশ কয়েক বিঘা জমিতে চেয়ারম্যান আইয়ুব আলীর মাছ চাষের পুকুর রয়েছে। গতকাল রাতের কোনো এক সময় জসীম ওই পুকুরে মাছ ধরেছেন – এমন খবর শোনার পর চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে তাঁকে নিজের বাড়িতে ধরে আনান। এ সময় তাঁকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন রাতেই তাঁকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান একাত্তর ট্রিবিউনকে বলেন, চেয়ারম্যানের বাড়িতে জসীমকে পিটিয়ে আহত করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চেয়ারম্যান পলাতক। চেয়ারম্যানের স্ত্রী ও ভাতিজাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে।

খোকসা ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাসের মোবাইল ফোনে কল করলে ফোন বন্ধপাওয়া য়ায়।