print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, আগষ্ট,২০২২

মাহমুদ, ইবি প্রতিনিধিঃ

গুচ্ছের বাহিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির ৯৩.১৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শনিবার (২৭ আগস্ট) বেলা ১২ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিট সমন্বয়কারী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ২ হাজার ২৬ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষায় ১৮৮৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ‘ডি’ ইউনিট সমন্বয়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ।

ভর্তি পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ।

ইউনিট সমন্বয়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্রুতই ফলাফল প্রকাশ হবে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।