
প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২৩
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টারঃ
আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন।
শনিবার (৯ জুলাই) সকালে জামালপুর ফুলকুঁড়ি একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ছাদেক হোসাইন এর সঞ্চালনায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের অন্তর্গত কাপাইস (কলিম উদ্দিন মেম্বার মোড়) এলাকায় অবস্থিত ২০০৩ সালে স্থাপিত ফুলকুঁড়ি কিন্ডারগার্ডেন মাঠ পাশে একটি বৃক্ষের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
কর্মসূচির শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিষ্ঠানটির প্রধান আলহাজ্ব আমজাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপণের প্রতি সবসময়ই গুরুত্বারোপ করতেন এবং নিজ হাতে বৃক্ষরোপণের পাশাপাশি তার যত্ন নিতেন।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের ১ ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে।
প্রধানমন্ত্রীর এ নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে ইনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিজস্ব স্থাপনার প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ঔষধি ও অন্যান্য গাছের চারা রোপণ করে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
একইসঙ্গে তিনি বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রহিজ উদ্দিন মেম্বার অপ্রয়োজনীয়ভাবে গাছ না লাগিয়ে পরিকল্পনামাফিক গাছ লাগানোর পরামর্শ দেন। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বাড়ির আঙ্গিনার পতিত ও খালি জায়গায় শাকসবজিসহ ফলমূল ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’-এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে সঠিক স্থান ও সঠিক প্রজাতি নির্বাচন করে গাছ লাগিয়ে সেগুলোর যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন গাজীপুর কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ।
আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল কবির বলেন, দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে আলহাজ্ব আমজাদ হোসেন ফাউন্ডেশন সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলাসহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সংগঠনটির প্রতিটি সদস্য অবদান রাখবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেসার্স লাকি এন্টারপ্রাইজের (জিএম) শেখ আসিফ রহমান (বাবু), খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি, ফুলকুঁড়ি কিন্ডারগার্ডেনের পরিচালক মোঃ এরশাদ হোসেন শাকিল, মোঃ আবুল কালাম, মোঃ তাইজুল ইসলাম, মোঃ সুরুজ মিয়া, মোঃ শারফুদ্দিন আহমেদ, সাংবাদিক মুঞ্জুর হোসেন, মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩ এর আওতায় আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ বৃক্ষ রোপণ করার পরিকল্পনা রয়েছে।


