গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৫ জন সদস্য দগ্ধ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-২২, ৯:৩৯ অপরাহ্ন /
গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৫ জন  সদস্য দগ্ধ।
print news || Dailydeshsomoy

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৫ জন সদস্য দগ্ধ হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে একটি কেমিক্যাল গোডাউনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হঠাৎ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৫ জন সদস্য দগ্ধ হন।
গুরুতর অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলমকে ভর্তি করা হয়েছে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মারাত্মক আহতদের মধ্যে আছেন ওয়ার হাউস ইন্সপেক্টর জানাতুল নাঈয়, ফায়ার ফাইটার নূরুল হুদা, শামীম আহমেদ ও জয় হাসান। এদের সবার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। দ্রুত উদ্ধার করে তাদের ঢাকায় পাঠানো হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। তবে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, একটা বিকট শব্দের সঙ্গে সঙ্গে আগুন লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে যায়। আমরা চোখের সামনে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যকে আগুনে দগ্ধ হতে দেখেছি।

আরেক স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিকবিদিক ছুটতে শুরু করে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু তখনও ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন।

এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় বিপজ্জনক কেমিক্যাল গোডাউন থাকায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে এসব গোডাউন সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস বলছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যালের সংরক্ষণজনিত কারণেই বিস্ফোরণ ঘটে দুর্ঘটনা ঘটেছে।