print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের সাংবাদিক ও মানবাধিকার সংগঠক বিশ্বজিৎ চন্দ্র সরকারকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

বিভিন্ন নামে-বেনামে পরিচালিত ফেসবুক আইডি ও পেজ থেকে তাঁর ছবি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
বিশ্বজিৎ চন্দ্র সরকার ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় সাপ্তাহিক ‘আধুনিক সংবাদ’-এর গোপালগঞ্জ জেলা ব্যুরো প্রধান এবং ‘দৈনিক ১০ স্টার বিডি ২৪’-এর সহযোগী বার্তা সম্পাদক। তাঁর দাবি, সাংবাদিকতা ও মানবাধিকার কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি। এ ছাড়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিও পেয়েছেন।
বিশ্বজিৎ চন্দ্র সরকারের ভাষ্য, প্রায় এক বছর আগেও কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাঁকে জড়িয়ে হয়রানিমূলক ও মানহানিকর পোস্ট প্রচার করা হয়েছিল। ওই ঘটনায় প্রতিকার চেয়ে গোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে এসব পোস্ট প্রচার বন্ধ হয়ে যায়।
তবে সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আবারও তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু হয়েছে বলে অভিযোগ তাঁর। বিভিন্ন ভুয়া আইডি ও পেজ থেকে তাঁর ছবি সংগ্রহ করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে একটি স্বার্থান্বেষী মহল রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, সামাজিক ও পেশাগতভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে।
বিশ্বজিৎ চন্দ্র সরকার জানান, তাঁর সাংগঠনিক পরিচয়, দায়িত্ব ও কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাসহ (এনএসআই) বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এসব কাগজপত্র জমা দেওয়ার গ্রহণপত্রও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে প্রচলিত আইন ও পেশাগত দায়িত্ব মেনে সাংবাদিকতা এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অথচ তাঁর ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
বিশ্বজিৎ চন্দ্র সরকার বলেন, “কী কারণে, কারা এবং কোন উদ্দেশ্যে আমাকে নিয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তা আমার বোধগম্য নয়। আমার ছবি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি চাই, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
এদিকে ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাহবুবুল ইসলামও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “বিশ্বজিৎ চন্দ্র সরকারকে গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার আগে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়েছে। তাঁর সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কেন্দ্রীয় কমিটি অবগত রয়েছে। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়ানোর ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে সংস্থার পক্ষ থেকেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

অন্যদিকে সাংবাদিক মহলের কয়েকজন সদস্যও এ ধরনের প্রচারণার নিন্দা জানিয়েছেন। তাঁদের মতে, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তির সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা যেন কারও বিরুদ্ধে মিথ্যা প্রচারণা কিংবা ব্যক্তিগতভাবে হেয় করার হাতিয়ার হয়ে না ওঠে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ জরুরি। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অপপ্রচারে জড়িতদের পরিচয় শনাক্ত এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।