print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী জেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঘোষিত কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিকে সভাপতি এবং মোহাম্মদ রিমাউনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত সাত সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি কমিটির অনুমোদন দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর পটুয়াখালী জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে পটুয়াখালী জেলা শহরের পাশাপাশি গলাচিপায়ও আনন্দ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় নতুন সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাউনুল ইসলাম রিমুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।

নতুন নেতৃত্বের মাধ্যমে পটুয়াখালী জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।