print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাট জেলা শহরের গুরুত্বপূর্ণ মিশন মোড় গোলচত্বরে নবসজ্জিত ‘আলোকিত স্তম্ভের’ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং জেলা যুবদলের আহ্বায়ক আনিচুর রহমান (ভিপি আনিচ)।

উদ্বোধন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ২০০৩ সালে মিশন মোড়ে আলোকিত গোলচত্বরটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিগত সরকারের আমলে দীর্ঘদিন ধরে এটি অবহেলা ও অযত্নে পড়ে ছিল। প্রায় দেড় যুগেরও বেশি সময়ের মধ্যে একবারের জন্যও স্তম্ভটির রং করা হয়নি।

তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে আলোকিত স্তম্ভটিকে নতুন সাজে, নববধূর মতো সাজানো হয়েছে। এর দৃষ্টিনন্দন রূপ দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। নতুন সাজে আলোকিত স্তম্ভটি শহরের সৌন্দর্য আরও বাড়িয়েছে।

নবসজ্জিত আলোকিত স্তম্ভের উদ্বোধনকে ঘিরে মিশন মোড় এলাকায় উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। স্থানীয়দের মধ্যেও এ আয়োজন ঘিরে আগ্রহ ও উৎসাহ লক্ষ করা গেছে।