
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
ভয়াবহ পরিণতির কথা জেনেও জীবন বাজি রেখে মাছ ধরা পেশাকে বেছে নিয়েছিল গলাচিপার আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়িয়ার শতাধিক পরিবার।
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর এই গ্রামের ২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছিল। এখনও সেই ক্ষত ঘুচেনি। পুরনো স্মৃতি ভুলে নতুন করে সংসার শুরু করেছে অনেকেই। আবার অনেকে সংসার ভেঙ্গে নতুন সংসারও গড়ে তুলেছেন। সব হারিয়ে কাঞ্চনবাড়িয়ার জেলেরা এখন পেশা পরিবর্তন করেছেন। নতুন পেশায় বেমানান হলেও সাগরমুখী হতে রাজি নয় তারা। এতো কিছুর পরেও কি স্মৃতি ভুলে থাকা যায়? সব হারিয়ে আবার নতুন করে বাঁচার উপায় খুঁজছে তারা। সরেজমিনে এসব তথ্য পাওয়া গেছে।
কাঞ্চনবাড়িয়ার ষাটোর্ধ আবদুস সোবাহান স্ত্রী-কন্যা ও নাতিসহ পরিবারের সাতজনকে ভাসিয়ে নিয়ে যায় নদীতে। আপনজনদের হারিয়ে এখন নির্বাক হয়ে আছেন তিনি। সন্ধ্যা হলে ডুকরে কেঁদে ওঠেন। সোবাহান বলেন, ‘সিডরের রাইতটার কতা ভোলতে পারি না। কলাগাইচ্ছা আমারও যাওয়ার কতা। কলাগাইচ্ছা যাওয়ার আগে আমার স্ত্রী (মৃত হালিমা বেগম) হাত ধর্ইরা বারবার কইছে ঠিক মতো খাওয়া দাওয়া কইরেন, তাড়াতাড়ি আমারে নিতে আইয়েন।
আমি হ্যারে আনছি ঠিকই কিন্তু মরা।’ কথাগুলো বলে অবুজ শিশুর মতো কেঁদে ওঠেন। তিনি আরও জানান, স্ত্রী হালিমা বেগম, মেয়ে বিউটি, নাতি কুলসুম, মাহফুজা, সোহাগ, মিরাজকে সিডরের জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায়। বিউটি ও মাহফুজাকে আর খুঁজে পাওয়া যায়নি। সোবাহনের ছেলে নাসিরের এক মাত্র পুত্র রাশেদ হারিয়েছে মাকে (বিউটি বেগম)। নাসির এখন জেলে পেশা ছেড়ে দিয়ে ঢাকায় দিন মজুরের কাজ করছেন। বছর পাঁচেক বিয়ে করে সংসার গড়ে তোলেন। পেশা পরিবর্তন করে ইটের ভাটায় কাজ করছেন। আগে তারাও আর সবার মতো মাছ ধরতে গিয়েছিল রাঙ্গাবালীর সাগর মোহনায় চরকলাগাছিয়ায়।



