print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম বাবু লালমনিরহাট

লালমনিরহাটে সরকারি ভর্তুকিযুক্ত সার অবৈধভাবে অন্যত্র পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ভোরে তিনটি ইজিবাইকে ৪৫ বস্তা ডিএপি সার বোঝাই করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ইজিবাইকগুলো আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোনীতা দাস ঘটনাস্থলে গিয়ে সারসহ তিনটি ইজিবাইক জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার পাচারের চেষ্টায় জড়িত থাকার দায়ে ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস জানান, স্থানীয়দের সতর্কতার কারণে দ্রুত অভিযান চালিয়ে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা সম্ভব হয়েছে। পরে জব্দ করা সার হারাটি ইউনিয়নের স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

এদিকে প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি সার পাচার ও অনিয়ম রোধে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।