print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নায়ল ইসলাম,

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রশাসনিক কাঠামোয় আসছে নতুন পরিবর্তন। উপজেলার পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের আরও দুটি নতুন থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত নিকারের সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক পরিচয়ের সঙ্গে থানার নামেও সামঞ্জস্য আসবে।

এ ছাড়া কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় গঠন করা হবে ‘মোকামতলা থানা’।

নিকারের সভায় নতুন দুটি পৌরসভা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এর মধ্যে বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠন করা হবে।

অন্যদিকে, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। আগের প্রস্তাবিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তর।

একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে উত্থাপন করা হয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব উত্থাপন করে স্থানীয় সরকার বিভাগ।

প্রশাসনিক এ পুনর্বিন্যাসের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে নতুন কাঠামো তৈরি হবে। বিশেষ করে গফরগাঁওয়ের পাগলা থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত দক্ষিণ গফরগাঁও এলাকার প্রশাসনিক পরিচয়ে নতুন মাত্রা যোগ করবে।